নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে পৌরসভার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর ও ওমর ফারুক ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই শিশুর মা ঘুমিয়ে ছিলেন। এ সময় শিশু দুটি বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে ছোট ভাই ওমর ফারুক বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই আবু বক্করও পানিতে নেমে ডুবে যায়। পরে ঘুম থেকে উঠে মা সন্তানদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অলোক কুমার বাকসী বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/এএজে

