মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় বাড়ি ভাংচুর

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ার উলা গ্রামে ইরি ক্ষেতের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দু’টি বাড়ি ভাংচুর করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামের মামুন মোল্যার সাথে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের লিটন মোল্যার সাথে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে ওই গ্রামের খোকন চৌধুরী সমর্থিত লোকজনদের সাথে প্রতিপক্ষ মোস্তফা শেখ সমর্থিত লোকজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় খোকন চৌধুরী সমর্থিত লিটন মোল্যা ও কামাল মোল্যার বাড়ি ভাংচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।

খবর পেয়ে রাতেই নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উলা গ্রামের দেলবার শেখের ছেলে আবুল কালাম শেখকে (৫১) আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন