জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের কন্ঠ নকল করে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ওই দু’জন হলেন, মেহেদী হাসান ওরফে বাবুল ওরফে কাগজী বাবু ও মোঃ ইমরান শরিফ রনি। গত ১৮ সেপ্টেম্বর রাতে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে তোলা হলে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ আসাদুর জামান শুনানি শেষে ওই দুইজনকে মামলায় অন্তভুক্তির আদেশ দেন। এ মামলার অপর আসামি মোঃ সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ৭ দিনের আবেদন করলে একই আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
খুলনা থানার জিআরও এসআই প্রদীপ কুমার বলেন, সোমবার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান মামলায় তাদের দু’জনকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করলে মঙ্গলবার মঞ্জুর করেন আদালত। তিনি আরও বলেন, তদন্ত কর্মকর্তা অপর আসামি মোঃ সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের আবেদন করলে দু’দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
প্রতারণার এ মামলায় এ পর্যন্ত ৫ জন গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন, এজাজ আহমেদ রাজা, মোঃ সোহেল, জাকিয়া সুলতানা, মেহেদী হাসান ওরফে বাবুল ওরফে কাগজী বাবু ও মোঃ ইমরান শরিফ রনি।
উল্লেখ্য, প্লাটিনাম জুট মিলের পুরাতন যন্ত্রাংশ বিক্রির কথা বলে জাতীয় সংসদের হুইপ বকুলের কন্ঠ নকল করে খুলনার ব্যবসায়ী জিএম আজিজুর রহমানের কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনায় ওই ব্যবসায়ী ১৮ সেপ্টেম্বর সদর থানায় দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪-৫ ব্যক্তিকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। এ পর্যন্ত ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

