খুলনা মহানগর গোয়েন্দা ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ৫টি ম্যাগজিন উদ্ধার করেছে। এসময় রিফাত তালুকদার নামে এক যুবককে আটক করা হয়েছে।
গত বুধবার রাত ১২টায় লবণচরা থানাধীন হরিণটানা এলাকার আল আকসা জামে মসজিদ গলির একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। অপরদিকে গভীর রাতে লবণচরা ও সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড়ে শীর্ষ সন্ত্রাসী মোঃ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় ওই বাড়ি থেকে রিফাত তালুকদার নামে এক যুবককে আটক করা হয়। সে যশোরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মোঃ ইদ্রিস তালুকদারের ছেলে। এসময় পলাশের স্ত্রী পারভিন সুলতানা তিতলিকে পুলিশ হেফাজতে নিলেও পরে তাকে ছেড়ে দেয়।
পুলিশ জানায়, যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশের বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্য রাতে ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি টিম নগরীর গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড়ে মোঃ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের বাড়িতে অভিযান চালায়। এ সময় রিফাত তালুকদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে নগরীর হরিণটানা এলাকার আল আকসা জামে মসজিদ গলির পরিত্যক্ত রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। লবণচরা থানার জোড়া হত্যা মামলার আসামি আওয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, লবণচরার আশিবিঘা এলাকায় জোড়া হত্যা মামলায় সম্প্রতি আওয়ালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কাছে অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।
এর ভিত্তিতে পুলিশ আল আকসা জামে মসজিদ গলির আবদুল জালাল হাওলাদারের বাড়ির পরিত্যক্ত রান্নাঘরে অভিযান চালায়। সেখানে তুষের বস্তার পাশ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, আওয়ালের দেখানো স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম

