পাঁচ বছরে খুলনায় দ্রব্যমূল্য বেড়েছে ৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

২০২১ ও ২২ সাল ছিল করোনা মহামারির বছর। যান চলাচল বন্ধ থাকায় তখন দ্রব্যের সরবরাহ কমে। ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত তিনটি সরকার ক্ষমতাসীন হয়। করোনা, দফায় দফায় বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি, রাজনৈতিক পটপরিবর্তন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে ৫ বছরে খুলনায় ১০টি পণ্যের মূল্য গড়ে ৪০ শতাংশ বেড়েছে। সরকারের ফরমান ও মোবাইল কোর্ট বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি।

আলোচিত দু’বছরে করোনা মহামারি আকার ধারণ করে। যান চলাচল বন্ধ, উৎপাদন বন্ধ ও সরবরাহের ঘাটতিতে ২০২১ সাল থেকে দ্রব্যমূল্য বাড়তে থাকে। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সমীক্ষায় প্রতিবেদন অনুযায়ী ২০২১ সাল থেকে ২০২৬ সালে ৫ বছরে রুইমাছ ছাড়া প্রায় সকল পণ্যের মূল্য নিয়ন্ত্রণের বাইরে ছিল। চাল প্রকারভেদে কেজি প্রতি ৪৫-৬৫ টাকার পরিবর্তে ৫০-৮৫ টাকা, মশুরির ডাল ৮৫-১১০ টাকার পরিবর্তে ৯৫-১৬০ টাকা, সয়াবিন তেল ১৩০-১৫০ টাকার পরিবর্তে ১৮৬-২০৪ টাকা, আটা ৩০-৪০ টাকার পরিবর্তে ৫০-৭০, চিনি ৭৫-৮০ টাকার পরিবর্তে ১১০-১১৫ টাকা, ইলিশ ৫০০-১২০০ টাকার পরিবর্তে ১৮০০-২৪০০, ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকার পরিবর্তে ১৮০-২০০ টাকা, গরুর মাংস ৫৬০-৬০০ টাকার পরিবর্তে ৭৫০-৮৫০ টাকা ও ডিমের হালি ৩৭-৪০ টাকার পরিবর্তে ৪৮-৫৫ টাকায় বিক্রি হয়। রুইমাছের মূল্য ৩০০-৩৫০ টাকা অপরিবর্তিত রয়েছে।

১৭ ফেব্রুয়ারি নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যা জ্বালানি সরবরাহে সংকট তৈরি করে এবং দাম বাড়ে। ৭ মাস বয়সী সরকারের আমলে দু’দফায় জ্বালানির মূল্য ৩৫ টাকা বেড়েছে। গত জুনে বিদ্যুৎ এর দাম ১৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি ৩৩ লাখ সরকারি কর্মচারীর নতুন পে-স্কেল ঘোষণা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে শুরু হয় এল.পি গ্যাস সংকট। বিশ্ব বাজারে বাড়তি দাম ও সরবরাহের ঘাটতির কারণে দেশে এল.পি গ্যাস আমদানি কমে গেছে। চাহিদার তুলনায় ৭০ শতাংশ সরবরাহ হচ্ছে। এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের মূল্য প্রায় ২ হাজার টাকা। সিডিপির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে কৃষি উৎপাদনে খরচ বাড়ে। সার্বিকভাবে মূল্যস্ফিতি বেড়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে।

জ্বালানির প্রভাব পড়েছে সবজির বাজারে : নগরীর বিভিন্ন বাজারে সবজির ওপরে পড়েছে এর প্রভাব। কারণ জানতে চাইলে বিক্রেতারা বলেন জ্বালানির দাম বৃদ্ধি হওয়ায় মালামাল পরিবহনে তাদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে। এই ব্যয় পূরণ করতে সাধারণ ভাবেই বিভিন্ন সবজিতে ৫-৮ টাকা করে বাড়িয়েছেন তারা। সুন্দরবন বাণিজ্য ভাণ্ডারের, মোঃ রাসেল পারভেজ জানান, জ্বালানির দাম বাড়লে সবজিসহ অন্যান্য পণ্যের দাম বাড়ে। তিনি যুক্তি দেখিয়েছেন, জ্বালানির দাম বাড়লে তাদের পরিবহন খরচ ও বাড়ে ফলে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পায়। বেগুনের পাইকারি দাম আগে ছিল ৯৫-১০০ টাকা তবে এখন তা ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন