মানবতার সেবায় একবেলা খাবার ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে খুলনায় পথশিশু, এতিম ও অসহায় মানুষের জন্য প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর শিববাড়ি কেডিএ মিনি কমিউনিটি সেন্টারে এই প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন ‘খুলনা ব্লাড ব্যাংক’ ও ‘খুলনা ফুড ব্যাংক’র যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র চেয়ারম্যান এ্যাড. এসএম শফিকুল আলম মনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. সালেহ্ উদ্দিন।
‘একবেলা খাবার, একটু হাসি, একটি সুন্দর আগামীর স্বপ্ন’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে খুলনার সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে মানসম্মত দুপুরের খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসুন, একসাথে গড়ি ভালোবাসার সমাজ। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে দাঁড়াতে মানবিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
খালিশপুরের বাসিন্দা জালাল হোসেন বলেন, ভালো খাবার খেয়েছি। বিরিয়ানি, দধি, ডিম খেয়েছি। খুব সুন্দর স্বাদ হয়েছে। দোয়া করি তারা যেন সবসময় আমার মতো অসহায় মানুষের পাশে দাড়াতে পারে।
বৃদ্ধা হারিছুন খাতুন বলেন, মজা করে খেয়েছি। ভালো লেগেছে। থানা ধুয়ে পানিও খেয়েছি। দোয়া করেছি।
দিন মজুর লাকি বেগম বলেন, শোকর আলহামদুলিল্লাহ। বহুদিন পর ভালো খাবার খেলাম। এরকম খাবার সহজে খেতে পারি না। দোয়া করি এমন আয়োজন যেন বার বার করতে পারে।
সেকেন্দার মুন্সি বলেন, আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি। আয়োজকদের ধন্যবাদ।
আয়োজক কমিটির সদস্য আসাদ শেখ বলেন, আমরা বাসায় গিয়ে তাদেরকে দাওয়াত করে এনে খাওয়ানোর ব্যবস্থা করতে পেরে খুব ভালো লাগছে। এই মানুষগুলোর তৃপ্তি অনন্য। খাওয়াতে পেরে খুবই ভালো লাগছে। খাবার প্রত্যেকেই বাসায় খায়, তবে এই পরিবেশে এবং ভালো খাবার খেয়ে তাদের মুখ দেখে আমাদেরও ভালো লাগছে। ৪ শতাধিক মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়েছে।
খুলনা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. সালেহ্ উদ্দিন সবুজ বলেন, একজন ডোনার ইচ্ছা প্রকাশ করেছেন সমাজের ছিন্নমূল-ভাসমান মানুষ আছে, তারা কখনো টেবিল চেয়ারে বসে আপ্যায়নের মতো খেতে পারে না। বৃত্তবানরা যেভাবে হোটেল-রেস্টুরেন্টে খেতে পারে, সেভাবে এই মানুষগুলো খেতে পারে না। তাদেরকে সেই ফিলটি দেওয়ার জন্য এই উদ্যোগ। খুলনা ফুড ব্যাংক এবং ব্লাড ব্যাংক সর্বাত্মক সহযোগিতা করেছে। ইনশাল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কেডিএ’র চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা বলেন, খুলনা ব্লাড ব্যাংক এবং ফুড ব্যাংক এই আয়োজনে কেডিএ’র পক্ষ থেকে হলটি বিনা পয়সায় দিয়ে দিয়েছি। তারা অসহায়, দুস্থ মানুষ এবং প্রতিবন্ধীদের জন্য একবেলা খাওয়ানোর ব্যবস্থা করেছে। এই কাজে নগরীর সকল মানুষকে এগিয়ে আসা উচিৎ। এভাবে সমাজ যদি এগিয়ে আসে ভবিষ্যতে আমাদের মধ্যে কোনো ক্ষুধার্ত লোক থাকবে না।
খুলনা গেজেট/এএজে

