নগরীতে বাসা বাড়ি থেকে সোনা চুরি করে পালিয়ে যাওয়ার সময় রেহেনা বেগম নামের এক নারীকে আটক করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাকে সোনাডাঙ্গা থানার শেখপাড়া হাজী ইসমাইল সড়ক থেকে আটক করা হয়। ওই নারী চট্টগ্রাম জেলার বাইজিদ উপজেলার শেরশাহ ২নং ওয়ার্ডের বাসিন্দা আ: ছাত্তার মল্লিকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শেখপাড়া হাজী ইসমাইল সড়কের ২১ নং বাড়ির চতুর্থ তলার বাসিন্দা শোভা তার ছেলেকে টিফিন খাওনোর জন্য স্কুলে যায়। বাড়ি ফিরে এসে ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হয়। এ সময় রেহেনা বেগম নামের ওই নারীকে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়। ওই নারী নীচে নামার সময় শোভা তাকে জাপটে ধরে এবং তাকে মারধর করতে থাকে। পরে চিৎকার দিলে স্থানীয়রা জড় হয়। এ সময়ে তাকে স্থানীয়রা আটক করে ফেলে। তার দেহ তল্লাশি করে ব্যাগ থেকে সোনা উদ্ধার করা হয়। তবে ব্যাগে কি পরিমাণ সোনা ছিল তা তারা জানাতে পারেনি।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, সংবাদ জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে ওই নারীকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ওই নারী একজন প্রশিক্ষিত চোর। তার সহযোগিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/সাগর/এনএম

