আজ ৫ আগস্ট, জুলাই দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস। অসংখ্য ছাত্র-জনতার রক্তে রঞ্জিত ইতিহাস বদলে দেওয়া দিন আজ। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলশ্রুতিতে দেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের স্বৈরাচারের অবসান হয়। এই অভ্যুত্থান পরবর্তীতে ‘৩৬ জুলাই’ নামে পরিচিতি পায়। দিনটি এখন জাতীয় দিবস হিসেবে গণ্য হচ্ছে। আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
২০২৪ সালের ১ জুলাই কোটা সংস্কার দাবিতে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া গুলি, গণগ্রেপ্তার এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও সংঘর্ষ একপর্যায়ে সরকার পতনের একদফা দাবিতে রূপ নেয়। আন্দোলনটা কোটা দিয়ে শুরু হলেও তা শেষ হয় হাসিনার পতনে। আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট কারফিউ ভেঙে গণভবন অভিমুখে লাখো মানুষের ঢল নামলে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। সারাবিশ্বে এই আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান নামে পরিচিতি পায়। পরবর্তীতে ৫ আগস্টকে গণঅভ্যুত্থান দিবস হিসাবে স্বীকৃতি দেয় সরকার। দিবসটি উদযাপনের জন্য খুলনায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে খুলনায় জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন আজ বুধবার সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সূচনা করবে। এরপর সকাল সাড়ে ৯টায় শিববাড়ি মোড়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ব্লাড গ্রুপ নির্ণয় এবং সকাল ১০টায় মহানগরীর বসুপাড়া কবরস্থানে জুলাই শহিদ সাকিব রায়হান-এর কবর জিয়ারত করা হবে। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্ত আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি।
দিবসটি উপলক্ষে খুলনার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ জোহর বা সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
কেসিসি : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে কর্মসূচির বিভিন্ন পর্বে অংশ নেবেন এবং দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় নগর ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা। এরপর সকাল সাড়ে ৯টায় বসুপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত করা হবে। সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়স্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা এবং বেলা সাড়ে ১১টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় : জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ বেলা ১১টায় অদম্য বাংলা চত্বর থেকে র্যালি, দুপুর ১২টায় চারুকলা স্কুলের আঙিনায় চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন ও শেষে পুরস্কার বিতরণ, বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত অদম্য বাংলা চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের আয়োজনে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও সুবিধাজনক সময়ে মন্দিরে প্রার্থনার আয়োজন করা হবে।
১১ দলীয় ঐক্য : জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে আজ বিকেল ৫টায় নগরীর শিববাড়ি মোড়ে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন : দলটির খুলনা জেলা ও মহানগর কমিটির আয়োজনে আজ বিকেল ৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে।
জেলা আইনজীবী সমিতি : দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা আইনজীবী সমিকির আয়োজনে আজ সকাল ১০টায় সমিতির ১নং হলরুমে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে।
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) : দিবস উপলক্ষ্যে বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএজে

