খুলনার লবণচরা এলাকার চিহ্নিত এক সন্ত্রাসী ও তার সহযোগীকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে লবণচরা থানার ইসলামপাড়া এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— লবণচরা থানার আমতলা এলাকার বাসিন্দা শাহজাহানের ছেলে মো. নাজিম ওরফে নাদিম (৩০) এবং ইসলামপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমান মিয়াজীর ছেলে ও নাদিমের সহযোগী মো. মাসুদ রানা (৩৭)।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে নাদিমকে আটক করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তারই দেখানো স্থান থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, নাদিম সংশ্লিষ্ট এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন র্যাবের নজরদারিতে রাখার পর আজ তাকে ও তার সহযোগীকে আটক করা হলো। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/এএজে

