মতিঝিল মেট্রোরেল স্টেশনে টাইম বোমা উদ্ধার

গেজেট প্রতিবেদন

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে টাইম বোমা উদ্ধার করা হয়েছে। তবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। শুক্রবার (২৪ জুলাই ) রাত ১০টার দিকে আনসার সদরদপ্তরের উপ-পরিচালক ও মিডিয়া কর্মকর্তা মো আশিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এ দিন সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (এপিসি) মো. রোকনুজ্জামান একটি তাজা টাইম বোমা শনাক্ত করেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে স্টেশন কন্ট্রোলারকে অবহিত করেন।

এ সময় স্টেশন সংলগ্ন সড়ক দিয়ে একটি শোভাযাত্রা অতিক্রম করছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আনসার সদস্য মোহম্মদ আশরাফুল ও এপিসি মো রোকনুজ্জামান দ্রুত সাধারণ মানুষ ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করেন।পাশাপাশি নির্ধারিত নিরাপদ দূরত্ব বজায় রেখে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেন। তাদের দ্রুত পদক্ষেপে এলাকায় নিরাপত্তা নিশ্চিত হয় এবং জনসাধারণের মধ্যে শৃঙ্খলা বজায় থাকে।

খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষের আহ্বানে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে প্রথম টাইম বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করে।

পরে সন্ধা আনুমানিক সাড়ে ৭ টার দিকে তল্লাশি চালিয়ে একই এলাকায় আরও একটি তাজা টাইম বোমা উদ্ধার করা হয়। দ্বিতীয় বোমাটিও বিশেষজ্ঞ দল নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সদস্যদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্বশীলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয়ের ফলে সম্ভাব্য একটি নাশকতামূলক ঘটনা সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও বাহিনীর সদস্যরা একই ধরনের পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন