শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে কানের দুল নিয়ে চম্পট নারী

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় এক শিশুকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে তার সোনার কানের দুল ছিনতাই করেছে এক প্রতারক নারী। পরবর্তীতে ওই শিশুকে পশ্চিম রূপসা ঘাটের একটি দোকানের সামনে ফেলে রেখে পালিয়ে যায় সে।

উদ্ধার হওয়া শিশুটির নাম সুমাইয়া (১৩)। সে উপজেলার বাগমারা এলাকার সৌদি প্রবাসী জালাল মোল্লার মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। বর্তমানে সে তার দাদীর কাছে থাকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই প্রতারক নারীর সাথে স্বল্প সময়ের পরিচয় ছিল পরিবারটির। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনার একটি স্থান থেকে নিজের কিছু কাপড় আনার কথা বলে সুমাইয়াকে বাড়ি থেকে ডেকে নেয় ওই নারী। এরপর রূপসা নদী পার হওয়ার পর কৌশলে শিশুটির কান থেকে দুটি সোনার দুল খুলে নিয়ে তাকে ফেলে চম্পট দেয় সে।

বেশ কিছু সময় পর পশ্চিম রূপসা ঘাটের ব্যবসায়ী শেখ হাবিবুর রহমানের দোকানের পাশে শিশুটিকে কাঁদতে দেখে তিনি তাকে উদ্ধার করেন এবং খুলনা সদর থানায় সোপর্দ করেন। পরবর্তীতে রূপসা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে খবর পেয়ে শিশুটির চাচা মো: শরীফুল ইসলাম থানায় আসেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, ঘাটের এক দোকানদার শিশুটিকে কাঁদতে দেখে রাতে থানায় নিয়ে আসেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় আসলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার চাচার কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন