শনিবার । ১৩ই জুন, ২০২৬ । ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

দাকোপে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বাজুয়া প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নে আবারও এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার বানিশান্তা ইউনিয়নের পশ্চিম খেজুরিয়া গ্রামের পাইক বাড়িতে গত রাতে এই ঘটনা ঘটে। ডাকাত দল কৌশলে রাতের খাবারের সাথে চেতনানাশক বা বিষাক্ত দ্রব্য মিশিয়ে পরিবারের সকলকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় বানিশান্তা পিনাকপাণি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু অমিতাভ পাইক ও তার পরিবার আজ সম্পূর্ণ সর্বস্বান্ত।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে পরিবারের সদস্যরা নিত্যদিনের মতোই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ডাকাত চক্রটি আগে থেকেই কোনো কৌশলে ওই বাড়ির রাতের খাবারের সাথে ‘পয়জন’ বা তীব্র চেতনানাশক ওষুধ মিশিয়ে রেখেছিল। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিবারের সকল সদস্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান।

​পরিবারের সবাই অচেতন হয়ে পড়ার পর ডাকাত দল বাড়িতে প্রবেশ করে নির্বিঘ্নে লুটপাট চালায়। তারা ঘরের আলমারি ও বাক্স ভেঙে নগদ টাকা, মূল্যবান স্বর্ণালঙ্কার, জরুরি ও প্রয়োজনীয় কাগজপত্র, এমনকি পরনের জামাকাপড় এবং ফ্রিজে থাকা মাছ-মাংস পর্যন্ত লুটে নিয়ে যায়।

​সকালে প্রতিবেশীরা দীর্ঘসময় ঘরের কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের আসবাবপত্র এলোমেলো এবং মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। আহত ও অচেতন পরিবারের সদস্যদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দাকোপে একের পর এক এমন অভিনব ও নৃশংস কায়দায় ডাকাতির ঘটনায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মনে। শিক্ষক অমিতাভ পাইকের মতো একজন সম্মানিত মানুষের পরিবার এভাবে সর্বস্বান্ত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী। তারা অবিলম্বে এই চক্রটিকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং লুটে নেওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন