খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। তাকে গ্রেড-২ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮’-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে শর্ত থাকে যে, এই নিয়োগের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
তিনি যেদিন এই পদে যোগদান করবেন, সেই তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে কেডিএ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
খুলনা গেজেট /এমএম

