খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগে জামায়াতের সদস্য (রোকন) পদ থেকে রাড়ুলী ইউনিয়নের শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন শেখ মহিবুল্লাহ। তবে সম্প্রতি ওই ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানাকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
দলীয় সিদ্ধান্ত মেনে না নিয়ে ঈদুল আজহার পরদিন শুক্রবার ইউনিয়নব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রার ঘোষণা দেন শেখ মহিবুল্লাহ। ঘোষণামতো তিনি ও তাঁর অনুসারীরা শোভাযাত্রা বের করেন।

এ ঘটনায় গত ২৭ মে খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইনের স্বাক্ষরিত এক চিঠিতে পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানকে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, রাড়ুলী ইউনিয়নের সদস্য (রোকন) শেখ মহিবুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন। এ কারণে তাঁর সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব দায়িত্ব থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সে কারণে গত ১১ মে তিনি দল থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। আজ আমি বহিষ্কারের চিঠি পেয়েছি। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো।
পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাড়ুলী ইউনিয়নের রোকন শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা জামায়াতের আমির এ সিদ্ধান্ত দিয়েছেন।
খুলনা গেজেট/এএজে

