জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে : বাসস চেয়ারম্যান

গেজেট প্রতিবেদন

খুলনায় ‘হরিদাশকাটি স্বাধীনতা সংসদ’ এর আয়োজনে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বেলা ১১ টার দিকে পাইকগাছা উপজেলার হরিটালী ইউনিয়নের হরিদাশকাটি ফুটবল মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন।

হরিদাশকাটি স্বাধীনতা সংসদের সভাপতি শেখ আল-এহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সেলিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাধীনতা সংসদের উপদেষ্টা শেখ আল এমরান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, শেখ আনিসুর রহমান শিবলু, শেখ হারুন, কমিটি ও ক্লাব সদস্য উৎপল দে, তপন কর, খান জাবেদ, শেখ সাহান আব্দুল্লাহ, হাসান আব্দুল্লাহ, শেখ তুহিন, শেখ মিজান, শেখ সোয়েব, খান মোবারেক হোসেন, মৃদুল, মুশফিক, রাসেল, সাকিব, শহিদুল, রকি, মামুন, আশিক, রায়হান, মাসুম, আপন প্রমুখ।

বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের উদ্বোধন করতে গিয়ে আনোয়ার আলদীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন বিদেশে ছিলেন। তিনি জলবায়ুর প্রভাবে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের কারণগুলো জানেন। তাই বিএনপির নির্বাচনি ইশতাহারে বৃক্ষ রোপণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে দেশকে বাঁচাতে, পরিবেশকে বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেক বাড়িতে বেশি বেশি ফলজ গাছ লাগানোর অনুরোধ করেন আনোয়ার আলদীন।

সভাপতির বক্তব্যে শেখ আল-এহসান বলেন, হরিদাশকাটি স্বাধীনতা সংসদ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে কাজ করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ, সড়কের পাশ ও ফেলে রাখা জমিতে গাছ লাগানো হবে। উপকূলীয় দক্ষিণ অঞ্চলকে জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা করতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন