মুক্তিযুদ্ধে খুলনার রণাঙ্গনের বীর যোদ্ধা, মুক্তিবাহিনীর নৌ কমান্ডার ও পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু ইন্তেকাল করেছেন। বুধবার (৬ মে) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
জোয়াদুর রসুল বাবু খুলনা জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দুই বার চাদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার পিতা মরহুম লতিফ সরদার চাদখালীর সমাজসেবক ছিলেন। খুলনার হাজী মহসিন রোডের পুরাতন বাসিন্দা তিনি।
মরহুম জোয়ার্দার রসুল বাবু ছিলেন ক্রীড়ামোদী। তিনি খুলনার সাবেক মুসলিম ক্লাব বর্তমান মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন। বাবু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি জানান, পারিবারিক সিদ্ধান্তে বুধবার আছর বাদ রাজধানীর মালিবাগ মসজিদে মরহুমের জানাযা এবং সামরিক কবরস্থানে দাফন করা হবে। তাকে গার্ডঅব অনার দিতে তিনি ঢাকায় পৌছেছেন।
খুলনা গেজেট/এনএম/এএজে

