শনিবার । ৭ই মার্চ, ২০২৬ । ২২শে ফাল্গুন, ১৪৩২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গুজবে নগরীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়

একরামুল হোসেন লিপু

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশে জ্বালানি তেলের সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। এমন সংবাদ ছড়িয়ে পড়ায় মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ জ্বালানি তেল ব্যবহৃত যানবাহনের ভিড় দেখা দিয়েছে পেট্রোল পাম্পগুলোতে। অনেকে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে যেয়ে এর সত্যতা মেলে। এ কারণে পেট্রোল পাম্পগুলোর স্বাভাবিক বিক্রির তুলনায় গতকাল হঠাৎ বিক্রি বেড়ে যায়। এদিকে সংকট নিরসনে ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিএল)।

নগরীর ফুলবাড়ীগেট মেসার্স নগর পেট্রোলিয়াম সার্ভিস স্টেশনের ম্যানেজার মোঃ মাহফুজ বিশ্বাস বলেন, ‘প্রতিদিন আমাদের স্টেশন থেকে পেট্রোল, ডিজেল, অকটেন সব মিলিয়ে সাড়ে পাঁচ হাজার লিটারের অধিক তেল বিক্রি হয়। কিন্তু গুজবের কারণে গতকাল জুমার নামাজের পর থেকে স্বাভাবিকের তুলনায় বিক্রি বেড়ে যায়। অনেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নিতে আসছে। কেউ কেউ অতিরিক্ত তেল নেয়ার জন্য পাত্রও নিয়ে আসে। তবে বিপিসির নির্দেশনা মেনে পাত্রে কোনও তেল বিক্রি কিংবা নির্ধারণ করে দেওয়ার বেশি তেল বিক্রি করছি না। পাম্পে নোটিশ টাঙিয়ে দিয়েছি প্লাস্টিক/কাঁচের বোতল, কন্টেইনার/জার, ক্যানে বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত ডিপোগুলো থেকে আমরা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পেয়েছি। শুক্রবার সাপ্তাহিক ছুটি। দামের কোনও পরিবর্তন হয়নি। পূর্বের দাম অনুযায়ী পেট্রোল লিটার প্রতি ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা এবং অকটেন ১২০ টাকা লিটার বিক্রি করছি।’

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে যানবাহনের জন্য তেল সরবরাহ নির্ধারণের সিদ্ধান্ত জানিয়ে দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের জনগণের ভয় আতঙ্ক হ্রাস করার লক্ষ্যে জানানো যাচ্ছে যে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সামগ্রিকভাবে প্রধান স্থাপনা হতে সারাদেশের সকল ডিপোতে নিয়মিতভাবে রেলওয়াগন/ ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, স্বল্প সময়ের মধ্যে দেশের জ্বালানি তেলের বাফার স্টক (পর্যাপ্ত মজুদ) গড়ে উঠবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন