শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২
ভোটের আগেরদিন মানুষের চলাচল কম

মোটরসাইকেল ট্যাক্সিক্যাব পিকআপ মাইক্রো ও ট্রাক চলাচল বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবে শামিল হতে দলে দলে বাড়ি ফিরেছে সবাই। যদিও চাপ কম থাকায় গতকাল দুপুরের পর বাসগুলি ছেড়ে গেছে কম যাত্রী নিয়ে। মাহেন্দ্র ও ইজিবাইকে দেখা গেছে যাত্রী সংকট। আর একারণে যানবাহন চলাচলও করেছে কম। তবে যাত্রী সংকটের কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটের দিন যানবাহন চলাচল বন্ধ থাকার আশঙ্কায় নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে আগেভাগে শেকড়ে ফিরেছে অধিকাংশ মানুষ। দীর্ঘকাল পর অনুষ্ঠিত অংশগ্রহণমূলক এ নির্বাচনে ভোট উৎসব থেকে বঞ্চিত হতে চায়না কেউ।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। নিষেধাজ্ঞা অনুযায়ী গতকাল বুধবার রাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। এর একদিন আগে থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। ইসি কর্তৃক অনুমোদন ছাড়া সকল মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। এর বাইরে দূরপাল্লার যাত্রী পরিবহন এবং জাতীয় মহাসড়ক ও বন্দর-সংশ্লিষ্ট প্রধান রাস্তাগুলোতে যান চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়া বন্দর এলাকা এবং আন্তঃজেলা বা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক থাকবে। এমন কী নগরীতে ইজিবাইক ও মাহেন্দ্র চলাচল করবে স্বাভাবিক নিয়মে। তবে অনেকেরই ধারণা নির্বাচনে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ কারণেই ভোট উৎসবে শামিল হতে আগেভাগে কর্মস্থল থেকে বাড়ি ফিরেছে অনেকে।

রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ মালিক সমিতির আওতাধীন মোংলা রুটের পূর্ব রূপসা বাসস্ট্যান্ডের স্টাটার আব্দুস সালাম বলেন, আজ খুব একটা যাত্রীর চাপ নেই। ২ঘণ্টায় একটি বাস ছেড়ে যাচ্ছে। তিনি বলেন, ১০ ফেব্রুয়ারি প্রচুর যাত্রীর চাপ ছিলো। কিন্তু সেই চাপ আজ আর নেই।

নির্বাচনের দিন গাড়ি চলাচল করবে কি না জানতে চাইলে তিনি বলেন, গাড়ি বন্ধ রাখার ব্যাপারে কোন নির্দেশনা পাইনি। যাত্রী থাকলে গাড়ি চলাচল করবে। ভাড়ার ব্যাপারে তিনি বলেন, সরকারি নিয়ম মোতাবেক মোংলা পর্যন্ত ৪০ কিলোমিটারে ৯৬ টাকা ভাড়া আসে। কিন্তু আমরা ৮০ টাকা নিয়ে থাকি। আজও তাই নেওয়া হচ্ছে।

পূর্ব রূপসার ইজিবাইক চালক মিলন বলেন, প্রতিদিন এখান থেকে ৩০/৩৫টি ইজিবাইক চলাচল করে। যাত্রী সংকটে আজ ২০টি চলছে। তিনি বলেন, ভোটের জন্য ছুটি পেয়ে আগেই সবাই বাড়ি ফিরেছে। যাত্রী কম হলেও পূর্বের ভাড়া নেওয়া হচ্ছে।

খুলনা মহানগরীর শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা ইজিবাইক চালক আলমাস হোসেন ও বাদামতলা এলাকার বাসিন্দা সিএনজি চালক শাহীন বলেন, আজ যাত্রীর সংখ্যা খুবই কম। যাত্রী সংকটে ইজিবাইক ও সিএনজিসহ সকল প্রকার যানবাহন কম চলাচল করছে। ভাড়া স্বাভাবিক নিয়মে রয়েছে।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালের পাইকগাছা-কয়রা রুটের কাউন্টারম্যান মোঃ রাকিব বলেন, ৮ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর যাত্রীর চাপ ছিলো। কিন্তু আজকের দৃশ্য সম্পূর্ণ আলাদা। যাত্রী সংকটে আজ গাড়ি কম চলাচল করছে। ভোটের দিন যাত্রীর উপস্থিতির উপর নির্ভর করে গাড়ি চলাচল করবে।

খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক ছাড়া সব ধরনের যাত্রীবাহী পরিবহণ স্বাভাবিক নিয়মে চলাচল করবে। ইজিবাইক, মাহেন্দ্র ও সিএনজি চলাচলে কোনো বাধা নেই।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন