মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মার্চে শুরু স্বাধীনতার সংগ্রাম

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা শহিদ আনোয়ার হোসেন আনু। স্বাধীনতা যুদ্ধের পূর্বে তিনি আযম খান কমার্স কলেজের ছাত্র ছিলেন। ২৬ মার্চ পাক সেনারা খুলনা শহরে অবস্থান নিয়ে বাঙালিদের ওপর অত্যাচার শুরু করলে তিনি এলাকায় যুবকদের নিয়ে দল গঠনে ব্রতী হন। কিছুদিন পরে বিএলএফ’র ট্রেনিং নেওয়ার জন্য ডাক পড়ে। তিনি প্রশিক্ষণের জন্য দেরাদুন মিলিটারি ক্যাম্প টাণ্ডুয়াতে সপ্তম কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেন।

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পাইকগাছা উপজেলার কপিলমুনি রাজাকার ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করা হয়। যুদ্ধের একপর্যায়ে তিনি অগ্রভাগ থেকে রাজাকার ক্যাম্পের মধ্যে প্রবেশ করেন। তিনি ক্রোলিং করে রাজাকাররা যে জানালা দিয়ে গুলি ছুড়ছে সেই জানালায় পৌঁছান। রাজাকারের রাইফেল ধরে ফেলেন। রাজাকার এবং তার রাইফেল টানাটানি শুরু হয়। এই টানাটানির এক পর্যায়ে তার মুখে গুলি লাগে এবং তিনি ৭ ডিসেম্বর শাহাদাৎ বরণ করেন। প্রথমে তালা থানার শাহাদাতপুর গ্রামে মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান কুটুর শ্বশুর বাড়িতে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয় পরবর্তীতে তার নিজগ্রাম আইচগাতী ইউনিয়নের মোসাব্বরপুর গ্রামে তাকে পুনঃ সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা ও আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন