বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী ইনু। ১৯৫৯ সালে মহসিন হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ, বিএল কলেজ থেকে আইএ এবং একই কলেজ থেকে ১৯৬৭ সালে বিএ পাশ করেন। ১৯৬৫-৬৬ সালে তিনি খুলনা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত তিনি খালিশপুর ও দৌলতপুর এলাকায় অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। বিএল কলেজ মাঠে স্বাধীনতার পতাকা তুলে অত্যন্ত সাহসিকতার পরিচয় দেন। ৯ এপ্রিল ভোমরা সীমান্ত অতিক্রম করে তিনি ভারতে প্রবেশ করেন।
তৎকালীন জাতীয় পরিষদ সদস্য এম এ গফুরের ক্যাম্পে যোগদান করেন। মে মাসের শেষের দিকে বিএলএফ তথা মুজিব বাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করতে উত্তর প্রদেশে দেরাদুন মিলিটারি একাডেমিতে ৪৫ দিনের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রথমে সাতক্ষীরার তালা থানা, পরে বৃহত্তর খুলনা জেলার মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তালা থানা এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন।
বহু ঘাত প্রতিঘাত, বিপদ আপদের ভেতর দিয়ে তালা এবং আশাশুনি থানার মাগুরা, বালিয়াদহ, খুলিশাখালী, বাউখোলাসহ বিভিন্ন অঞ্চলে শত্রুর সঙ্গে সরাসরি যুদ্ধে সাফল্যের সাথে অংশগ্রহণ করেন এবং শত্রুমুক্ত করেন। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে খুলনাঞ্চলের বড় শত্রু ঘাঁটি কপিলমুনি রাজাকার ক্যাম্প আক্রমণে অংশগ্রহণ করেন। যে আশা নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সে আশা পূরণ হয়নি। একটি সুখী সমৃদ্ধ শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হলে মুক্তিযোদ্ধাদের যুদ্ধে যাওয়া সার্থক হতো।
খুলনা গেজেট/এনএম

