বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

খুলনায় ট্রিপল মার্ডারের মূল আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার লবণচরা থানাধীন টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডারের অন্যতম আসামি বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টুটপাড়া দারোগার বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা থানার পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল।

বিসমিল্লাহ টুটপাড়া ২ নম্বর ক্রস রোড, কবি নজরুল সড়কের বাসিন্দা।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তারা জানতে পারেন যে বিভিন্ন মামলার আসামি ও খুলনা থানার একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিসমিল্লাহ টুটপাড়া দারোগার বস্তি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া তিনি প্রাথমিকভাবে জানান, বিসমিল্লাহ লবণচরা থানাধীন টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি।

ট্রিপল মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা ও লবণচরা থানার ওসি (তদন্ত) মো. ইউসুফ আলী জানান, তিন খুনের মূল পরিকল্পনাকারী শামীম আহমেদসহ আরও কয়েকজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে বিসমিল্লাহর নাম উল্লেখ করেছে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হবে। এর আগে খুলনা থানায় জিজ্ঞাসাবাদকালে তিনি ট্রিপল মার্ডার সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। খুব শিগগিরই এ মামলার চার্জশিট দাখিল করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন