বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর উদ্যোগে খুলনা, ঢাকা, বাগেরহাট ও গোপালগঞ্জের মোট ৯ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে কানাডার একটি দাতা সংস্থার অর্থায়নে আর্টিকেল নাইন ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা জামাল পপলু, মাহমুদা আক্তার মৌমিতা, মো. হেদায়েত হোসেন মোল্লা, আশরাফুল ইসলাম নূর, আহমেদ মুছা রঞ্জু, মেহেদী মাসুদ খান, নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিনসহ খুলনা, বাগেরহাট, মোল্লারহাট, রামপাল ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, সাংবাদিকতায় নারীদের ভূমিকা আরও উজ্জ্বল করতে এবং অংশগ্রহণ বাড়াতে হবে। আমাদের নারীরা ঘরে ও বাইরে সর্বত্র তাদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন। কোনো প্রতিবন্ধকতাই তাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা তাদের আরও উচ্চ আসনে দেখতে চাই।
খুলনা গেজেট/এএজে



