আয় বর্হিভূত সম্পদ অর্জন

কাষ্টমস্ কর্মচারী রাফেজার ১৩ বছরের কারাদণ্ড, কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় কাষ্টমস্ হাউসের কর্মচারী রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার রাফিজাকে ১৩ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন। রাফেজা বেগম চট্টগ্রাম কাষ্টমসে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায়। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা মোশারফ হোসেন বাদি হয়ে মামলা করেন। মামলা তদন্ত করেন দুদকের আরেক কর্মকর্তা শামীম ইকবাল। রাফেজা বেগমের স্বামী এমএম জাহাঙ্গীর আলমও কাস্টমস হাউসে কর্মরত। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। রায় ঘোষনাকালে রাফেজা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, রাফেজা বেগম তৃতীয় শ্রেণির কর্মচাররি। তদন্তে তার বিরুদ্ধে আয় বহির্ভূত বিপুল সম্পত্তির প্রমাণ পাওয়ায় ২৬ (১) ও ২৬ (২) ধারায় কারাদন্ড ও জরিমানা শাস্তি দেওয়া হয়েছে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন