চৌগাছায় আলমসাধু উল্টে গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম (৬২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশাপোল ইউনিয়নের পোলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের মৃত হাজরা মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নুর ইসলামসহ কয়েকজন গরু ব্যবসায়ী স্যালো ইঞ্জিনচালিত আলমসাধুতে করে পাঁচটি গরু নিয়ে চৌগাছার পশুর হাটে যাচ্ছিলেন। পথে পোলো এলাকায় পৌঁছালে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এ সময় আলমসাধুর নিচে চাপা পড়েন নুর ইসলাম। দুর্ঘটনায় কয়েকটি গরুও আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিস আহমেদ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন