শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের সালামের মোড় নামক এলাকায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার গোগা গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটর সাইকেল যোগে তিনজন রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গোগা গ্রামের সালামের মোড় নামক স্থানে রফিকুলের বাড়ির সামনে রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের উপর একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে যশোরের কোতোয়ালি থানাধীন সুজনপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারির ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) ও বেনাপোলের দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে তুষার (৩০) মারা যায়। এ সময় দৌলতপুর গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (২৫) আহত হয়।স্থানীয়রা দ্রুত আহত রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং ঘাতক ট্রলীর চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নাহিদ ও তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন