যশোরের চৌগাছায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান (৭) চৌগাছা উপজেলার দক্ষিণ সাগর গ্রামের আসাদুল হকের ছেলে এবং দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে অন্যান্য শিশুদের সাথে বানর দেখতে গিয়েছিল মোস্তাফিজুর। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/এএজে

