বুধবার । ১৭ই জুন, ২০২৬ । ৩রা আষাঢ়, ১৪৩৩

অভয়নগরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিয়াজ হোসেন (২৯) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ হোসেন ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজ হোসেনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াজকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ সবুজ জানান, রাত দুইটার পর রিয়াজ হোসেন নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, দুর্বৃত্তদের হামলায় রিয়াজ হোসেন নিহত হয়েছেন। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন