শুক্রবার । ১২ই জুন, ২০২৬ । ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

চৌগাছায় রাজনৈতিক বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছার পল্লীতে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে জুয়েল রানা (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এদিন দুপুর ১২টায় তার মৃত্যু হয়। নিহত জুয়েল রানা উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের স্ত্রী জানান, এদিন সকালে মুক্তদাহ গ্রামে রাজনৈতিক বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম, বাবুসহ কয়েকজন জুয়েল রানার ওপর হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারপিট করা হলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। হামলাকারীরা তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে দেয়। পরে তাকে একটি ভ্যানে তুলে নিয়ে বাজারের একটি দোকানের মধ্যে আটকে রাখা হয়। সেখানে আবারও তাকে মারধর করা হয়। খবর পেয়ে স্ত্রী বাধা দিতে গেলে তাকেও ওড়না দিয়ে বেঁধে রাখা হয়। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থার অবনতি হলে যশোরে স্থানান্তর করা হয়। এখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত জুয়েল রানা আওয়ামীলীগ-সমর্থক ছিলেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা বিএনপি-সমর্থক। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন