ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মা ও দুই ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু। সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), তার দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব ইসলাম (১৮) এবং একই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮)। এছাড়া, নিহত হয়েছেন ২৫ বছর বয়সি অজ্ঞাত প্রাইভেটকার চালক। এ ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩) নামে দুই শিশু ভর্তি রয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা চালকসহ দুই পুরুষ ও দুই নারী ঘটনাস্থলেই নিহত হন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পেঁৗছে নিহতদের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি ফরিদপুরে ভাঙ্গার মধ্যে হলেও বিষয়টি শিবচর হাইওয়ে পুলিশ দেখছে। সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর সংবাদ তারা জানতে পেরেছেন।

