যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) রাত ৯টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন, উপজেলার কাশিমপুর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, এদিন রাত ৯টার দিকে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি নাদরা গ্রামের দিকে ফিরছিলেন। পথিমধ্যে তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তারা দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কর্মরত পুলিশ সদস্য শামীম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানিয়েছে, রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহতের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এএজে

