বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন চলছে

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলবে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে সবুর-সাজেদুর পরিষদ এবং আমিরুল-বনি পরিষদ।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২ হাজার ১০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সবুর-সাজেদুর প্যানেলের সম্পাদক প্রার্থী সাজেদুর রহমান জানান, আমি এর আগে দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। সংগঠনে আমার অনেক অবদান আছে। সব সময় সদস্যদের পাশে ছিলাম। সেই ভালোবাসায় সদস্যরা আমাকে ভোট দেবেন। আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাল্লাহ।

আমিরুল-বনি প্যানেলে সভাপতি প্রার্থী আমিরুল ইসলাম জানান, বেনাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের একজন সদস্য ছিলাম। এবারই প্রথম প্যানেলে সভাপতির নির্বাচন করছি। সুখে-দুঃখে সদস্যদের পাশে ছিলাম। নির্বাচিত হতে পারলে সদস্যদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন