যশোর সদর উপজেলার রূপদিয়ায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেলিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শাহরুখ (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টা ৫০ মিনিটে যশোর সদর উপজেলার রুপদিয়া চাউলিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার গোপালপুর গ্রামের দেলোয়ার রহমানের স্ত্রী। আহত শাহরুখ নরেন্দ্রপুর এলাকার ওলিয়ার মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা আক্তার ইঞ্জিনচালিত ভ্যানে করে বাড়ি থেকে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছিলেন। পথে চাউলিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলিনা আক্তার ও শাহরুখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০ মিনিটে সেলিনা আক্তারের মৃত্যু হয়। আহত শাহরুখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক বিচিত্রা মল্লিক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড ও সেলিনাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেলিনা আক্তারের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

