রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

অভয়নগরের ভাঙাগেটে ট্রেন-ট্রাক সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভাঙাগেটে ট্রেন ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১০ মে) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে কয়লাবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে রেল যোগাযোগ ব্যাহত হয়।

নিহত ট্রাক চালকের নাম মনোয়ার হোসেন (৪০)। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে বেনাপোলগামী “মোংলা কমিউটার এক্সপ্রেস” ট্রেনটি নওয়াপাড়ার ভাঙাগেট এলাকায় পৌঁছালে একটি কয়লাবাহী ট্রাক রেললাইনের ওপর অবস্থান করছিল। এসময় দ্রুতগতির ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ এবং অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। সংঘর্ষে ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ তার মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য খুলনা-যশোর রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে নেওয়া হলে রেললাইন স্বাভাবিক হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, ভাঙাগেট রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। অনেক সময় গেটম্যানের অনুপস্থিতি কিংবা সতর্ক সংকেত সঠিকভাবে কাজ না করায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা সেখানে দ্রুত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বেনাপোল রেলস্টেশনের ম্যানেজার আয়নাল হোসেন বলেন, ওই ট্রেনটি দুপুর আড়াইটায় বেনাপোল স্টেশনে পৌঁছানোর কথা ছিল। পথে দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন