বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

যশোরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-চুকনগর সড়কের মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চিনাটোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত নাঈম (২৫) কেশবপুর উপজেলার কমলাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের রায়হান হোসেন (২০) ও রিফাত হোসেন (১৯)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু মণিরামপুরে প্রয়োজনীয় কাজ শেষে একটি মোটরসাইকেলে দ্রুতগতিতে কেশবপুরে ফিরছিলেন। পথে চিনাটোলা বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে পাকা সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নাঈমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত রায়হান ও রিফাতকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠায়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন