যশোর শহরে যুবলীগের ব্যানারে জয় বাংলা শ্লোগান দিয়ে দু’দফা মিছিল ও সমাবেশ হয়েছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। বুধবার মধ্যরাত পর্যন্ত কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, শহরের কাজীপাড়ার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ও রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালন হয়েছে বলে দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয়, শহরের গরীব শাহ রোডে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। এছাড়া একই পেজে যুবলীগের কর্মসূচি দাবি করে আরও একটি ভিডিও প্রচার করা হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নামে এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। এমনকি যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় বুধবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
খুলনা গেজেট/এনএম

