মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

যশোরে পিকআপের ধাক্কায় সাইকেলচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত এক সাইকেলচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে নিহত মোনতাজ আলী (৬০) সদর উপজেলার ওসমানপুর গ্রামের কালু মোল্লার ছেলে।

তিনি নিজ বাড়ি থেকে সাইকেলযোগে হাশিমপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে যশোর সদর উপজেলার হাশিমপুর এলাকার আকবর তেল পাম্পের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরই পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পলাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন