যশোরের মণিরামপুরে ধান বহনের কাজ করতে গিয়ে মান্নান শেখ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার হানুয়ার গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
তিনি চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোমলপুর গ্রামের মহালদারপাড়ার বাসিন্দা সামাদ হোসেন তার জমির পাকা ধান ঘরে তোলার জন্য রাজগঞ্জ বাজার থেকে চারজন শ্রমিককে মজুরিভিত্তিতে মাঠে নিয়ে যান। ভোর থেকেই তারা কাজ শুরু করেন। তীব্র গরমের মধ্যেও তারা নিরবচ্ছিন্নভাবে ধান বহনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে জমির মালিক সামাদ হোসেন শ্রমিকদের বিশ্রাম ও খাবারের জন্য বিরতি নেওয়ার পরামর্শ দেন। তবে শ্রমিকরা আরও এক দফা ধান বহন করে পরে বিশ্রাম নেবেন বলে জানান। এ সময় ধান বহনের একপর্যায়ে একটি ধানের আটি পথের মাঝখানে থাকা সীমানা খুঁটির সঙ্গে আটকে যায়। এতে ভারসাম্য হারিয়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মান্নান শেখ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তার কাছে ছুটে গিয়ে দেখেন, তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকর্মী শ্রমিক মোস্তফা হোসেন, রফিকুল ইসলাম ও করিম মোল্লা জানান, প্রচণ্ড গরমে কাজ করার ফলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে তাদের ধারণা। তাদের মতে, দীর্ঘ সময় রোদে কাজ করা ও অতিরিক্ত শারীরিক চাপের কারণে তার মৃত্যু হতে পারে।
এলাকাবাসী করিম গাজী বলেন, প্রচণ্ড গরমে মাঠে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। এটি হিটস্ট্রোকজনিত মৃত্যু হতে পারে।
ঘটনার খবর পেয়ে বেলা ১১টার দিকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে তার মরদেহ নিজ গ্রামে নিয়ে যান।

