যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সকিনা বেগম (৬০)। তিনি লাল চাঁদ খলিফার স্ত্রী এবং বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, সকিনা বেগমের ছেলে শহিদুল ইসলাম মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন এবং জানান, বাসায় রান্না হয়নি। এ সময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে তালিমে গেছেন। এরপর রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে পুনরায় খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন।
পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাসার সামনে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। এ বস্তার মধ্যে মৃতদেহ দেখতে পান শহিদুল। পরবর্তীতে তিনি ও তার বোন শাহিদা বেগম মৃতদেহটি তাদের মা সকিনা বেগমের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
খুলনা গেজেট/এনএম

