রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

যশোরে অবৈধ কীটনাশক ও সার জব্দ, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরতলির চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত এবং প্যাকেটজাত করার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁচড়া ঢাকা রোডে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনের একটি বাড়িতে র‍্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা কৃষি অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম হাবিবউল্লাহ খান, তিনি ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। অভিযান সূত্রে জানা গেছে, হাবিবউল্লাহ খান দীর্ঘ ৩৫ বছর ধরে নিজ বাড়িতে কীটনাশক ও সারের ব্যবসা করে আসছিলেন। তবে গত তিন বছর ধরে তার ব্যবসার লাইসেন্সের কোনো নবায়ন ছিল না। অভিযান চলাকালে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, খালি প্যাকেট, বোতল এবং লেবেলবিহীন পণ্য জব্দ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সেখানে পণ্য প্যাকেটজাত করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

এই অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান অভিযুক্ত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিল।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তা বিঘ্নিতকারী যে-কোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন