শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

অভয়নগরে জামায়াতের সমাবেশে সন্ত্রাসী হামলা, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দলের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে জামায়াত নেতা বুখারি, আশরাফুল, শরিফুল, জাহাঙ্গীর, মাসুদ রানা ও আবুল বাশারের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে জামায়াত কর্মী বুখারীকে রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার ভাটপাড়া এলাকায় একটি মসজিদে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আব্দুস সাত্তার নামে জামায়াতের এক কর্মী। এ সময় বিএনপির শামীম মোল্যা, ফুরকান শেখ, সজীব মোল্যা, রিপন মুন্সি ও ইব্রাহিম বিশ্বাসসহ কয়েকজন তাকে ধরে পাশের একটি স’মিলে নিয়ে গিয়ে মারধর করেন। এতে তার হাত-পা ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৪টায় বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়ায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের উপজেলা সেক্রেটারি প্রফেসর মহিউল ইসলাম। বাঘুটিয়া ইউনিয়ন আমির সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অভয়নগর উপজেলা যুব বিভাগের সভাপতি মাসুদ রানা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে জামায়াতের নেতাকর্মীরা মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বের হওয়ার সময় লাঠিসোটা নিয়ে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ২৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় ১৪৪ ধারা জারি করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন