পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে যশোরের বড় বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত এ অভিযানে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘আরজি ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত রঙিন চিপস বিক্রি ও মজুত রাখার অপরাধে ‘চিপস ভাণ্ডার’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ক্ষতিকর পণ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাবের প্রতিনিধি এবং র্যাব-৬-এর সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে সহকারী পরিচালক জানান, রমজানজুড়ে বাজার তদারকি অব্যাহত থাকবে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
খুলনা গেজেট/এএজে

