যশোরে সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহরের হোটেল ওরিয়নে আয়োজিত অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়ে একটি আধুনিক ও প্রত্যাশিত যশোর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী অতিথিদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। তিনি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে যশোরের উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে যশোর সংবাদপত্র পরিষদ, প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে

