শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা-যশোর সড়কের আফরা মোড় এলাকার জামেনুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির রিপন চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে সেনানিবাস থেকে ছুটি নিয়ে নিজস্ব পালসার মোটরসাইকেলে চড়ে বাড়িয়ালী গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন রিপন। পথিমধ্যে আফরা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লাল রঙের টিভিএস মোটরসাইকেলের সঙ্গে তার বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

এ সময় অপর মোটরসাইকেলে থাকা হাসান (৪০), তুহিন (৩৫) ও রাহুল (২০) ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। আহতরা সবাই চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেনানিবাসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন