যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি বিদেশি পিস্তল, ৩৭ রাউন্ড গোলাবারুদ, ২টি ওয়্যারলেস সেট, ড্রাম ও স্টিল ট্রাংকে লুকানো অবস্থায় থাকা ১০টি গ্রেনেড সদৃশ বস্তু এবং বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা।
পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দাড়িহাগড়া পূর্বপাড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। অভিযান শেষে রাত ১২টার পর সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।
সূত্র জানায়, অভিযানে মূল সন্দেহভাজন হিসেবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮) শনাক্ত করা হয়েছে। তিনি দড়িআগ্রা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে রায়হান মোল্লা পালিয়ে যায়। তার বসতঘর থেকেই এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী সেনাবাহিনীর বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দল নিরাপদভাবে নিষ্ক্রিয় করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত এসব অস্ত্র ও বিস্ফোরক জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারত।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তৎপরতার তথ্য পেলে নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, পলাতক রায়হান মোল্লাকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।
খুলনা গেজেট/এএজে



