যশোরে বি‌দেশী অস্ত্রসহ আটক বিএন‌পি কর্মী উজ্জলের মৃত্যু কারাগা‌রে

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জল বিশ্বাস যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার হাজতী নম্বর-২৮২৪। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ।

উজ্জল কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জলসহ চারজন আটক হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, শুক্রবার রাত নয়টার দিকে উজ্জলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট পর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে উজ্জল, জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও মূলগ্রামের রাসেলকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উজ্জল বিশ্বাসের (৩৯) কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এসব ঘটনায় পৃথক তিনটি মামলা করে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় রাতে উজ্জলের মৃত্যু হয়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন