সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মণিরামপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর উপজেলার পল্লীতে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও অপরজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার খানপুর ইউনিয়নের মাসনা ও কুলটিয়া গ্রামে এ ঘটনা দুটি ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, খানপুর ইউনিয়নের মাসনা গ্রামের কৃষক আবদুস সাত্তার (৫০) এদিন ভোররাতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বুধবার সন্ধ্যায় তিনি নালায় মাছ ধরার ফাঁদ (ঘুনি) পেতে যান। পরদিন ভোররাতে ফাঁদ তুলতে গেলে প্রতিবেশী মাছচাষি জসিম উদ্দিন চুরি ঠেকাতে তার ঘেরে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। গুনা তারে স্পর্শ করলে সাত্তার বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, কুলটিয়া গ্রামের কৃষক অমল রায় (৫০) গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি ঘুমাতে যান। ভোরে স্ত্রী নিভা রায় জেগে উঠে দেখতে পান, বারান্দার ফ্যানের হুকে গামছা পেঁচিয়ে স্বামী ফাঁস দিয়েছেন। প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন