যশোরে আড়াই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালিয়েছে পৌরসভা। এ সময় আড়াই শতাধিক দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সোমবার (১৬ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা চলে এ অভিযান। অভিযানে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।

সূত্র জানায়, এদিন প্রথমে মুজিব সড়কের জজকোর্ট মোড় থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। সেখান থেকে সিভিল কোর্ট মোড়, টাউন হল ময়দানের সামনের ফুটপাতের সব অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরে অভিযানকারীরা কালেক্টরেট চত্বরের সামনের ফুটপাত দখলমুক্ত করেন।

বুলডোজারের সাহায্যে দোকানপাট ভেঙে ফেলা হয়। অভিযানকারীরা এরপর দড়াটানা মোড়ে যান। সেখানে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। বিশেষ করে এইচ এম এম সড়কে প্রবেশের মুখে খেলাধুলার দোকান এবং রজনীগন্ধা ফুলের দোকানগুলোর আশপাশে যে বাড়তি স্থাপনা গড়ে উঠেছিল, সেগুলোও ভেঙে দেওয়া হয়। দড়াটানায় অভিযান শেষে দলটি বকুলতলা এলাকায় অভিযান চালায় এবং সেখানেও ফুটপাতের দোকানগুলো অপসারণ করা হয়।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু বলেন, আজকের অভিযানে অন্তত ২৫০টি ফুটপাতের দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যশোর শহরকে ফুটপাত দখলমুক্ত ও জনসাধারণের চলাচলের জন্য উপযুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, জনস্বার্থে শহরকে শৃঙ্খলিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ দখলকারীদের কোন ছাড় দেয়া হবে না।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন