ধারাবাহিকভাবে যশোরের সার্বিক উন্নয়ন করতে চান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ জন্য তিনি সরকারকে সুযোগ প্রদানের আহবান জানান।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যশোরে তিন দিনব্যাপী চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে এস এম সুলতান আর্ট কলেজের জন্য জমি বরাদ্দের ব্যবস্থা করা হবে। জমি বরাদ্দের পর স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, যশোর ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধনের পর উপশহর শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এস এম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্জুরুল হক খোকন, উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পাননু, উপশহর কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, নিউটাউন বাদশাহ ফয়সাল স্কুলের প্রধান শিক্ষক এস এম রবিউল আলম, নিউটাউন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এস এম সুলতানের বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখেন। পরে তিনি স্থায়ী আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে এস এম সুলতান আর্ট কলেজের ১৪ শিক্ষার্থীর মধ্যে শ্রেণিভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীতে শিল্পী এস এম সুলতানের শিল্পভাবনা ও সৃষ্টিশীলতার পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের শিল্পকর্মও স্থান পেয়েছে।
খুলনা গেজেট/এএজে

