যশোরে কাটা গাছ মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়ায় গাছকাটার সময় মাথার উপর গাছ পড়ে আব্দুল মান্নান (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার দোহাকুলা ইউনিয়নের মধ্যপাড়ার আব্দুল জব্বারের ছেলে। রবিবার (২৭ আগস্ট) দুপুরে ইউনিয়নের ঠাকুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে একই গ্রামের চারজন গাছকাটা শ্রমিককে নিয়ে ঠাকুরকাঠি গ্রামের আলমগীরের বাড়িতে গাছ কাটতে যান। কাটার শেষ পর্যায়ে গাছটি রশি দিয়ে বেঁধে নামানোর চেষ্টা করেছিলেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল মান্নানের মাথার ওপর গাছটি পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আব্দুল মান্নানের বাড়ি উপজেলার দোহকুলা গ্রামে। তিনি তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। করোনাকালে বড় ছেলে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হলে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন মান্নান।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াসমিন আক্তার বলেন, গাছকাটা শ্রমিক আব্দুল মান্নানকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন