চৌগাছায় মুদি দোকানের তিন লাখ টাকার মালামাল চুরি

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছার পল্লীতে একটি বাজারের মুদি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফুলসারা ইউনিয়নে রায়নগর বাজারে বাবর আলী বাবুর একটি বড় মুদি দোকান রয়েছে। এই দোকানে মুদি মালামালসহ,কীটনাশক, সার বিক্রির পাশাপাশি বিকাশের ব্যবসা করতেন। মঙ্গলবার (২০ জুন) রাতের কোন এক সময় চোরেরা তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। এরপর নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়।

দোকান মালিক বাবর আলী বাবু জানান, ঈদ উপলক্ষে নতুন কিছু মালামাল কিনে মঙ্গলবার সারাদিন দোকানে সাজানোর কাজে তিনি ব্যস্ত ছিলেন। এ দিন রাত প্রায় ১২ টার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। বুধবার ভোরে দোকানে এসে দেখতে পাই তালা ভাঙ্গা, শার্টার খোলা এবং দোকানের ভিতরে সবকিছু এলোমেলো। তিনি বলেন নগদ টাকাসহ মোট ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় তিনি সন্দেহ করে এলাকার বাশার কবিরাজসহ অজ্ঞাতদের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন